দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না বুয়েটে

২০ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৩৪  
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগের নিয়মেই সংক্ষিপ্ত সিলেবাসে। ফলে বিশ্ববিদ্যালয়টিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ আর থাকছে না। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েটের ৪৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. ফোরকান উদ্দিন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছিলেন, বুয়েটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র মতে, সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার ঘোষণার আলোকে অ্যাকাডেমিক কাউন্সিলের ওই সভায় ভর্তি পরীক্ষার সিলেবাস এবং দ্বিতীয় দফায় পরীক্ষার বিষয়টি উত্থাপন হয়। এতে সর্ব সম্মতিক্রমে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। আর দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়টি অনুমোদন হয়নি। বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের নিয়মেই বুয়েটের ভর্তি পরীক্ষা হবে। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে বুয়েটের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা। সম্প্রতি তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেন। তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে না।